টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামলেও এখনই এর রেশ কাটছে না। এবার মাইকেল ভনের একটি মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে। ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়কের মতে, টুর্নামেন্টের সবচেয়ে ‘স্টুপিড’ বা বোকা দল ছিল দক্ষিণ আফ্রিকা!
বিশ্বকাপের সুপার এইট পর্বে তৈরি হয় এক নাটকীয় সমীকরণ। দক্ষিণ আফ্রিকার কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালের পথ কিছুটা কঠিন হয়ে পড়ে ভারতের জন্য। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভনের যুক্তি অনুযায়ী, প্রোটিয়ারা সেই ম্যাচে যদি ক্যারিবিয়ানদের কাছে ‘কৌশলে’ হেরে যেতো, তবে রান রেটের মারপ্যাঁচে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারতো সূর্যকুমার যাদবরা।
‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে কথা বলতে গিয়ে ভন সোজাসাপ্টা বলেন, ‘আমি আপনাকে বলছি, টুর্নামেন্টের সবচেয়ে স্টুপিড দল কোনটিকে মনে করি? দক্ষিণ আফ্রিকা। কেননা, দক্ষিণ আফ্রিকা যদি সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেতো, তবে ভারত ছিটকে যেতো। আমি শুধু বলতে চাচ্ছি যে, ওরা (দক্ষিণ আফ্রিকা) যদি তাদের (ভারত) সরিয়ে দিতে পারতো (সমীকরণ থেকে), তাহলে অপ্রতিরোধ্য শক্তিটিকে থামতে হতো।’
ভন আরও মনে করিয়ে দেন যে, দক্ষিণ আফ্রিকার জন্য ওই ম্যাচটি হারলেও সেমির পথ খোলা থাকতো। কারণ, তাদের পরবর্তী ম্যাচ ছিল অপেক্ষাকৃত সহজ দল জিম্বাবুয়ের বিপক্ষে। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিতে তারা সেই অপ্রতিরোধ্য শক্তিকে (ভারত) সহায়তা করেছে। ভারত পরে জিম্বাবুয়েকে হারিয়েছে, কোয়ার্টার-ফাইনাল হয়ে ওঠা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে এবং পরে (সেমিতে) ইংল্যান্ডকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার তো (ক্যারিবিয়ানদের বিপক্ষে) ওই ম্যাচ হারলেও সমস্যা হতো না। পরের ম্যাচ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে তারা তিন ক্রিকেটারকে বিশ্রামও দিয়েছিল।’ তবে, বাস্তবে প্রোটিয়ারা ওয়েস্ট ইন্ডিজকে হারালে ভারতের পথ পরিষ্কার হয়ে যায়। এরপর সূর্যকুমাররা জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং সেমিতে ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয়। নকআউট পর্বের শেষ দুই ম্যাচেই ভারত আড়াইশ’র বেশি রান তুলে তাদের সেই ‘অপ্রতিরোধ্য শক্তি’র জানান দেয়। ভনের আক্ষেপ, এইডেন মার্করামরা সেদিন যদি একটু ‘কৌশলী’ হতো, তাহলে ভারতকে এই বিধ্বংসী রূপে দেখার সুযোগই আসত না।
