সীতাকুণ্ডে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর বেড়িবাঁধ সংলগ্ন নদীতে ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘ প্রায় ৭-৮ মাস ধরে একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে এই কার্যক্রম চালাচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীতে একাধিক ড্রেজার বসানো আছে এবং দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু পাইপের মাধ্যমে তীরে আনা হচ্ছে এবং প্রতিদিন অসংখ্য ট্রাক ও ডাম্পট্রাকে পরিবহন করে বালু বিক্রি করা হচ্ছে। এতে সড়কে ভারী যানবাহনের চাপ বেড়ে যাচ্ছে, যানজট তৈরি হচ্ছে এবং সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কুমিরা এলাকায় রিপনসহ কয়েকজন এই অবৈধ কার্যক্রমে যুক্ত। পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, পাশাপাশি কৃষিজমি, বসতবাড়ি ও স্থানীয় সড়ক ব্যবস্থাও ঝুঁকির মধ্যে পড়ছে। অভিযোগ রয়েছে, বৈধ কোনো অনুমতি ছাড়া এই বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে কিছু লোক দেখানো অভিযান চালালেও স্থায়ী ব্যবস্থা নেয়া হয়নি। ফলে বালুখেকোদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এভাবে চলতে থাকলে আমাদের ফসলি জমি ও বাড়িঘর বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এবং পরিবেশগত বিপর্যয়ও আশঙ্কাজনক।
রিপনের একজন ম্যানেজার দাবি করেছেন, বন্দর চেয়ারম্যানের অনুমতি নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তিনি বলেন, পূর্বে স্থানীয়রা ড্রেজার জ্বালিয়ে দিয়েছিল, পরে বন্দর চেয়ারম্যানের অনুমতি নিয়ে বৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। যখন সাংবাদিক পরিচয় দিয়ে মোবাইলে রিপনের সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে, এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন