বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা বলেছেন, আমার জীবনে যত সফলতা এসেছে তার পেছনে ছিল বাবা-মায়ের দোয়া এবং ভালোবাসা। আমার বাবা-মা হচ্ছেন আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা। তারা আমার আদর্শ ও পথ চলার সঙ্গী। শুক্রবার সন্ধ্যায় প্রয়াত মন্ত্রী হারুণার রশীদ খান মুন্নু’র সহধর্মিণী সদ্যপ্রয়াত মরহুমা হুরন নাহার রশীদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আফরোজা খান রিতা বলেন, আজকে আমি মন্ত্রী হয়েছি, তার পেছনে সবটুকু অবদান হচ্ছে আমার মা-বাবা। তারা আমাকে শিখিয়েছেন কীভাবে সফলতা অর্জন করা যায়, কীভাবে সততার সঙ্গে পথ চলতে হয়। বাবা-মায়ের অভাব আর কখনোই পূরণ করা যাবে না। আফরোজা খান রিতা আরও বলেন, পর্দার আড়াল থেকে মা আমার বাবাকে সবসময় সাহস এবং মনোবল জোগাতেন। বাবার সমস্ত খ্যাতি অর্জনের পেছনে আমার মায়ের ভূমিকা ছিল সবচাইতে বেশি। বাবা-মায়ের কোনো ছেলে সন্তান না থাকায় আমার তিন ছেলেকে তারা নিজের ছেলে সন্তানের মতো মানুষ করেছেন। এসময় পরিবারের পক্ষ থেকে মরহুমা হুরন নাহার রশীদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, আফরোজা খান রিতার স্বামী মইনুল ইসলাম, বড় ছেলে রাশীদ মাইমুনুল ইসলাম, মেঝ ছেলে রাশীদ সামিউল ইসলাম। আফরোজা খান রিতার বড় ছেলে রাশীদ মাইমুনুল ইসলাম তার নানির স্মৃতিচারণ করে বলেন, আমার নানা মরহুম হারুণার রশীদ খান মুনু্ন ছিলেন একজন সফল পুরুষ। তার সফলতার পুরো গল্প দেশের মানুষ অবগত আছেন। তার সফলতার এই গল্পের পিছনের মানুষটি ছিলেন আমার নানি। রাশীদ মাইমুনুল ইসলাম বলেন, আমার নানা-নানির কোনো পুত্র সন্তান ছিল না। তাই আমাদের তিন ভাইকে নানি তার নিজের ছেলের মতো করে স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করেছেন। আফরোজা খান রিতার মেজো ছেলে রাশীদ সামিউল ইসলাম নানির স্মৃতিচারণ করে বলেন, আমার নানু খুবই ছোটবেলা থেকে আমাকে আদর-সোহাগ দিয়ে মানুষ করেছেন। নিজের ছেলের মতো আমাকে যত্ন করেছেন। আমার নানুর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মুন্নু মেডিকেল কলেজ মাঠে বিমানমন্ত্রীর মাতা ও প্রয়াত মন্ত্রী হারুণার রশীদ খান মুন্নু’র সহধর্মিণী মরহুম হুরন নাহার রশীদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের ১০ হাজারের উপরে মানুষের সমাগম ঘটে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ শেষে মরহুমা হুরন নাহার রশীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
হুরন নাহার রশীদের স্মরণে দোয়া ও ইফতার
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
