চুনারুঘাটে ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি গরু ব্যবসায়ীর মরদেহ

ফন্ট সাইজ:

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খোয়াই নদীর গর্তে ডুবে যাওয়া গরু ব্যবসায়ী জলিল মিয়ার মরদেহ উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা দিনভর চেষ্টা করেছেন কিন্তু জলিল মিয়ার মরদেহের সন্ধান দিতে পারেননি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কোর্টবাড়ী এলাকায় খোয়াই নদীতে বালু উত্তোলন স্পটে ঘটে এ ঘটনা। নিখোঁজ ব্যক্তির বাড়ি গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামে। তিনি প্রতি সোম ও বৃহস্পতিবার আমুরোড গরুর বাজারে গরু আনা-নেয়ার কাজ করেন। গত বৃহস্পতিবার জলিল মিয়া অবিক্রিত গরু নিয়ে বাড়ি ফেরার সময় বনগাঁও আশ্রয়ণের পাশ দিয়ে প্রবাহিত খোয়াই নদীতে নামেন ওপাড়ে যাওয়ার জন্য। অন্যরা সাঁতরে কুলে ভিড়লেও জলিল নদীতে ডুবে যান।
স্থানীয়রা বলেন, যে স্থানে জলিল মিয়ার সলিল সমাধি হয়েছে সেখানে কম করে হলেও ৫০ হাত গভীর গর্ত রয়েছে; যা মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে সৃষ্টি হয়েছে। গাজীপুর ইউনিয়নের জামায়াত নেতা খলিলুর রহমান বলেন, জলিল মিয়া যে গরুটি নিয়ে সাঁতার দিয়েছিলেন সেই গরুটি বাড়ি ফিরলেও তিনি নদীতে ডুবে গেছেন বলে ধারণা করা হচ্ছে। চুনারুঘাট থানার ওসি শফিকুল আলম বলেন, ফায়ার সার্ভিসসহ পুলিশ নিয়ে অনেক চেষ্টা করেও জলিল মিয়ার মরদেহ উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি বালুর নিচে চাপা পড়েছেন। এ ঘটনায় জলিল মিয়ার বাড়িতে শোকের মাতম চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন