জামালপুরের সরিষাবাড়ীতে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- তাইয়্যেবা পরিবহনের বাস মালিক তারা মিয়া, বিসমিল্লাহ পরিবহনের মালিক সাইফুল ইসলাম, পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের ইউসুফ আলী, শিবলু মিয়া ও আনিছুর রহমান আনিছ, সাদ্দাম, মোতালেব, হোসেন আলী ও রঞ্জু মিয়া। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যেবা পরিবহনের বাস মালিক তারা মিয়া স্থানীয় চালক আনিছুর রহমানকে তার বাস চালানোর দায়িত্ব দেন। বাসচালক আনিছ নিয়মিতভাবে সঠিক হিসাব দিচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। এ কারণে মালিক তাকে বাস চালাতে না দেয়ার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান গত দুইদিন ধরে মদ পান করে মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব ও তার কয়েকজন সহযোগী তারা মিয়ার পক্ষ নিয়ে আনিছুর রহমান আনিছকে মারধর করে। খবর পেয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় মালিক ও শ্রমিক পক্ষ পৃথকভাবে মহড়া দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, পরিবহন খাতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির উদ্দেশ্যে একটি পক্ষ শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৮
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
