কুমিল্লার বুড়িচংয়ে পিকআপে করে পাচারের সময় প্রায় ৫০০ লিটার চোরাই ডিজেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরা বাজারস্থ মেসার্স মদিনা ফিলিং করপোরেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশ্যে নাজিরা বাজারের মেসার্স মদিনা ফিলিং করপোরেশন থেকে ড্রামভর্তি ডিজেল একটি পিকআপযোগে অন্যত্র নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি নীল রঙের পিকআপে থাকা একটি প্লাস্টিকের ড্রাম ও দু’টি লোহার ড্রামভর্তি মোট ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৫০ হাজার ৬০ টাকা। এছাড়া একটি পুরাতন সাকুরা (ঝঅকটজঅ) জেনারেটরও উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নিহার বড়াল (৩৯), রাকিব হোসেন (২৪), মো. নুর উদ্দিন (২৮), মো. ইসমাইল হোসেন (২৬), এবং রতন চন্দ্র দাস (৫০)। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, দেশের চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে কালোবাজারির উদ্দেশ্যে তারা ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে অন্যত্র নিয়ে যাচ্ছিলো। গ্রেপ্তারকৃত রতন চন্দ্র দাস ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুড়িচংয়ে ৫০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ৫
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
