পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, মন্দিরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় সারা দেশের ন্যায় পটুয়াখালী প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সহ-সভাপতি তপন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদর উপজেলা শাখার সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় খাসকেল প্রমুখ। বক্তারা, সম্প্রতি পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার কথা উল্লেখ করে বলেন, পটুয়াখালীর গলাচিপায় ৯ম শ্রেণির ছাত্রী তৃঞ্চা দেবনাথ এবং ১০ম শ্রেণির স্বর্ণা, ভোলার তজুমদ্দিনে ধর্মীয় উৎসবে অংশগ্রহণকারী বাকপ্রতিবন্ধী হিন্দু মহিলাকে গণধর্ষণ, চট্টগ্রামে আকাশ দাশকে হত্যা, বগুড়ায় সুনিল দাশ, শিক্ষক চয়ন রাজভরকে হত্যা, কক্সবাজারে ব্যবসায়ী গণেশ পালকে হত্যা, যশোরে অরুণ অধিকারীকে হত্যা, ময়মনসিংহে চাল ব্যবসায়ী সুশেনকে হত্যা, কুমিল্লা নগরীর দক্ষিণ পাড়ায় শিব মন্দিরে পূজার সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরোহিতসহ ৪ জনকে রক্তাক্ত জখম, বগুড়ার ধুনটে লক্ষ্মী মন্দির, সাতক্ষীরা আশাশুনির হামকোড়া কালী মন্দির ভাঙচুর ও লুটপাট, ফেনীতে পারিবারিক মন্দিরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ, পটুয়াখালীর বাউফলে ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, ভূমি দখল, চাঁদাবাজি, সংখ্যালঘু মেয়েদের অপহরণ করে ধর্ষণ, হত্যাসহ সকল বৈষম্যের প্রতিবাদ জানিয়ে তারা এসব অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেন। মানববন্ধন শেষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন