চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ব্যবহার করে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে পরিচিত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর উদ্যোগে কথিত ইফতার মাহফিলের আড়ালে সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আগামী ১৪ই মার্চ বিকালে নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সিইউজে ইফতার মাহফিলের নামে একটি সমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়েছে। তাদের দাবি, এটি প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক সমাবেশ আয়োজনের অপচেষ্টা, যার মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ও তাদের অনুসারীদের পুনরায় সংগঠিত করার পরিকল্পনা থাকতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও সংশ্লিষ্ট একটি চক্র নগরীর কর্ণফুলী টাওয়ারের সামনে পুলিশের বিরুদ্ধে সমাবেশ করে এবং সেখানে ‘জয়বাংলা’ স্লোগান দেয়া হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নেতৃবৃন্দরা জানান, সিইউজে নামের সংগঠনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির কথিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ কয়েকজন নেতা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং পলাতক নেতৃত্বের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে তারা দাবি করেন। তাদের আরও অভিযোগ, উক্ত কর্মসূচির আর্থিক পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও গোষ্ঠী যুক্ত থাকতে পারে, যারা বর্তমানে প্রকাশ্যে সক্রিয় হতে না পেরে সামাজিক আয়োজনকে আড়াল হিসেবে ব্যবহার করছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় পর্যায়েও সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বর্তমানে কারাগারে রয়েছেন এবং কেউ পলাতক অবস্থায় আছেন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তারা মূলত পলাতক আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ও পুনর্গঠনের চেষ্টা করছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে। নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, এই অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিগত কমিটি সহ-আয়োজক হিসেবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে, যা তাদের মতে প্রতারণামূলক ও অনৈতিক পদক্ষেপ।
তারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী ও নিয়মতান্ত্রিক সাংবাদিক সংগঠন, যার মর্যাদা ও নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখা প্রয়োজন। বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিস্ট শক্তির সহযোগী হিসেবে পরিচিত একটি সংগঠনের এমন কর্মসূচি ঘোষণায় সাংবাদিক সমাজ, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় উক্ত কর্মসূচি বন্ধ করা, সংশ্লিষ্টদের তদন্তের আওতায় আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ব্যবহার করে ইফতারের আড়ালে সমাবেশের অপচেষ্টা, রোধের আহ্বান
স্টাফ রিপোর্টার, চট্টগাম থেকে
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
