রায়পুরে গণশৌচাগারের নির্মাণকাজ শেষ হলেও উদ্বোধনের খবর নেই

রায়পুরে গণশৌচাগারের নির্মাণকাজ শেষ হলেও উদ্বোধনের খবর নেই

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত চারটি গণশৌচাগার প্রায় দুই বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে। নির্মাণকাজ শেষ হলেও ইজারা ও তত্ত্বাবধান নিয়ে জটিলতার কারণে এগুলো জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়নি। ফলে বাজারে আসা ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার, উত্তর চরবংশী ইউনিয়নের আলতাফ মাস্টার ইলিশা ঘাট, দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজার এবং পৌরশহরের বাস টার্মিনাল এলাকায় এসব গণশৌচাগার নির্মাণ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনা দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। সরজমিন দেখা গেছে, রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রাখালিয়া বাজারে একটি উচ্চ বিদ্যালয়, দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, চারটি ব্যাংক-বীমা প্রতিষ্ঠান ও ছয়টি হোটেলসহ চার শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এখানে শত শত মানুষের সমাগম হয়। কিন্তু ব্যবহারযোগ্য কোনো গণশৌচাগার না থাকায় অনেকেই বাধ্য হয়ে পাশের মসজিদের একটি পরিত্যক্ত শৌচাগার ব্যবহার করছেন। এতে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন গণশৌচাগারটি বহু আগে নির্মাণ শেষ হলেও এখনো তালাবদ্ধ। এর দরজায় তালা ঝুলে আছে, ভেতরে রং, পানির টেপ, কমোড ও বৈদ্যুতিক বাতি নষ্ট হয়ে যাচ্ছে। একই চিত্র দেখা গেছে দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজারে। ব্যস্ত এই বাজারে গরুর হাট ও কাঁচাবাজারে প্রতিদিন হাজারো মানুষ আসেন। কিন্তু গণশৌচাগারটি তালাবদ্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে খোলা স্থানে বা কাঁচা পায়খানায় প্রাকৃতিক প্রয়োজনে সাড়া দেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নারীদের। উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী আলতাফ মাস্টার ইলিশা ঘাটেও নির্মিত গণশৌচাগারটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে। ঘাট এলাকায় যাত্রী ও জেলেদের নিয়মিত যাতায়াত থাকলেও তারা এর সুবিধা পাচ্ছেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, গণশৌচাগারগুলো কার তত্ত্বাবধানে পরিচালিত হবে, মসজিদ কমিটি, বাজার কমিটি নাকি ইউনিয়ন পরিষদ?- এ নিয়ে মতবিরোধ থাকায় এখনো ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ কারণে গণশৌচাগারগুলো উদ্বোধনও করা হয়নি। লক্ষ্মীপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন এবং রায়পুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন বলেন, অবহেলায় পড়ে থাকা গণশৌচাগারগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে, রায়পুর পৌরসভার সচিব মুজিব মাসউদ বলেন, বাসটার্মিনাল এলাকায় নির্মিত গণশৌচাগার ইতিমধ্যে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন