ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন

ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক ও ঢাকসু মুহসীন হলের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত গভীর রাতে এই আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পরে রাতেই ফেসবুক স্ট্যাটাসে সাইফুল্লাহ বিষয়টি জানান। তিনি লিখেছেন-ইন্নালিল্লাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছেন। শুক্রবার সকালে সাইফুল্লাহর বাড়ি ধোবাউড়া উপজেলার ডোমঘাটা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির পশ্চিম পাশের ঘরটিতে আগুন দিয়েছে। দক্ষিণ পাশের বসতঘরটি ভাঙচুর করা। তবে ঘটনার সময় সাইফুল্লাহ বাড়িতে ছিলেন না। তবে দুপুরে তিনি বাড়িতে এসে পৌঁছান। এদিকে সকালে সাইফুল্লাহর বাড়ি পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সন্ধ্যার পর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি সাইফুল্লাহর বাড়িতে আসার কথা রয়েছে। এর আগে গত ৮ই মার্চ রাতে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের অভিযোগ ওঠে সাইফুল্লাহর বিরুদ্ধে। মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। এ সময় সাইফুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছিলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি। শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি। লীগ প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ তুলেছিলেন পাভেল। এর পরপরই সাইফুল্লাহর বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটলো। এ ব্যাপারে সাইফুল্লাহ বলেন- গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে হুমকি দিচ্ছে। গতরাতে বাড়িতে আগুন দিয়ে এবং কুপিয়ে ঘরে ভাঙচুর করেছে। এতে আমি আমার পরিবার নিয়ে আতঙ্কে আছি। ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন- এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এখনও লিখিত অভিযোগ পায়নি। লিখিত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন