নগরীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন ডিবি-সাইবার ক্রাইম ইউনিট উদ্ধার করেছে। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উপস্থিতিতে প্রকৃত মালিকদের নিকট ফোনগুলো হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, বিভিন্ন কারণে হারানো মোবাইল ফোনের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২০ দিনে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী গত ২২শে ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে প্রতি মাসে ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন। পুলিশ কমিশনারের তত্ত্বাবধান এবং টিমের আন্তরিক প্রচেষ্টায় সিলেট মহানগরের ছয়টি থানার ৩৯৬টি জিডি পর্যালোচনা করে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। কমিশনার উপস্থিত থেকে ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। বাকি ২০টি ফোন ইতিমধ্যে মালিকরা স্ব-উদ্যোগে সংগ্রহ করেছেন। হারানো মোবাইল ফিরে পাওয়ায় নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের এই কার্যক্রমের প্রশংসা জানিয়েছেন। অনেকে প্রিয় মোবাইল ফোনটি হাতে পেয়ে আবেগপ্রবণও হয়েছেন। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘আমাদের মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম আরও সমপ্রসারণের পরিকল্পনা রয়েছে। ছয়টি থানার জিডি সংক্রান্ত হারানো মোবাইল দ্রুততম সময়ে মালিকদের নিকট ফেরানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সাধারণ নাগরিকদের আরও সচেতনভাবে মোবাইল ব্যবহার ও সংরক্ষণের পরামর্শও দিয়েছেন।
সিলেটে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফিরিয়ে দিয়েছে মেট্রো পুলিশ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
