নোয়াখালীর হাতিয়ায় তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী মো. মিলন (৩৮) পলাতক রয়েছেন। শুক্রবার মরদেহ ময়নাতদন্ত শেষে ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত তাজ উপজেলার তমরদ্দি ইউনিয়নের আব্দুল জলিলের মেয়ে ও স্বামী মিলন উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন প্রায়ই স্ত্রীকে মারধর করতো। তিনি একাধিক বিয়ের জন্যও এলাকায় পরিচিত বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে তিনি এলাকার এক স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ে করেন। এ নিয়ে তার দ্বিতীয় স্ত্রী তাজনাহার বেগম (তান্না) প্রতিবাদ করলে তার ওপর অত্যাচার শুরু হয়। পরে বৃহস্পতিবার ভোরে স্ত্রীকে পাইপ দিয়ে মাথায়, হাতে বেধড়ক মারধর করেন। এতে তার শরীরের বিভিন্নস্থান গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে তাকে স্থানীয়রা চিকিৎসকের কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে বিকালে ৪টার দিকে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শহীদ উল্যাহ জানান- নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ডান হাতের কব্জি ভাঙা ছিল। প্রাথমিকভাবে স্বামীর মারধরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন- ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত নারীর পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ পেলে খুনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
