বরগুনার আমতলীতে বিরোধীয় জমির তালগাছ থেকে রস সংগ্রহের জেরে আতাহার হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাহার ওই গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে। জানা গেছে- চলাভাঙ্গা গ্রামে সাইদুল মৃধা ও আতাহার একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী। তাদের বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধীয় ওই জমিতে একটি তালগাছ থাকায় গাছটির দখল নিয়ে বিরোধ ছিল। ঘটনার দিন রস সংগ্রহের জন্য আতাহার গাছটি প্রস্তুত করেন। এ নিয়ে আতাহার ও সাইদুলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদুল, তার স্ত্রী আসমা ও মেয়ে মিলে আতাহারকে পিটিয়ে গুরুতর জখম করেন। এ সময় তার ছেলে আলানুর এবং প্রতিবেশীরা উদ্ধার করতে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় আতাহারকে আমতলী হাসপাতালে নিলে চিকিৎসক মহুয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক মহুয়া আক্তার বলেন- নিহতের শরীরে একাধিক লাঠির আঘাতের জখম রয়েছে। নিহতের ছেলে আলানুর বলেন- বাবাকে সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চাই। আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন- নিহতের লাশ বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তালগাছ থেকে রস সংগ্রহ নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
