মিরপুরে বৃষ্টির কারণে খেলা বন্ধ

মিরপুরে বৃষ্টির কারণে খেলা বন্ধ

ফন্ট সাইজ:

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে। ২৭৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলের টপ-অর্ডার চরম বিপর্যয়ের মুখে পড়ার পরপরই শুরু হয়েছে ঝুম বৃষ্টি।

সন্ধ্যার পর থেকে আকাশ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে মিরপুরে। মাঠের ওপর বৃষ্টির তীব্রতা এতই বেশি যে, আম্পায়াররা খেলা চালিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করছেন। মাঠের কাভার দিয়ে পিচ ঢেকে দেওয়া হয়েছে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ৬.৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য স্বাগতিকদের এখনও প্রয়োজন ২৪৮ রান, হাতে আছে ৭ উইকেট।

এর আগে পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। দলীয় ১৩ রানের মাথায় তানজিদ হাসান তামিম (১) ও সাইফ হাসান (১২) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর নাজমুল হোসেন শান্ত (০) সাজঘরে ফিরলে মিরপুরে টাইগার শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রিজে এখন আছেন লিটন দাস (১৩) ও তাওহীদ হৃদয় (০)।

আগে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ২৭৪ রান। পাকিস্তানের হয়ে মাজ সাদাকাত ৭৫ ও সালমান আগা ৬৪ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন