আয়ের উৎস কমে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) ভেঙে দৈনন্দিন খরচ মেটাচ্ছে- এমন একটি খবর সম্প্রতি ক্রিকেট অঙ্গনে ছড়িয়ে পড়ে। তবে এই খবরের সত্যতা নাকচ করে দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোর্ড নিয়ে প্রচারিত এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবি সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত খবরের দিকে দৃষ্টি দিয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে বর্তমানে এফডিআর থেকে অর্থ তুলে বোর্ডের পরিচালন ব্যয় মেটানো হচ্ছে। বিসিবি এই দাবি স্পষ্টভাবে খণ্ডন করছে। এমন খবর একেবারেই ভিত্তিহীন।’ বিসিবির দাবি অনুযায়ী, বোর্ডের নিজস্ব নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে থেকেই সব ধরনের আর্থিক কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ক্রিকেট ইভেন্ট এবং সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমেই বোর্ড তাদের খরচ নির্বাহ করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বৈধ রাজস্ব প্রবাহের কারণে বোর্ডের আর্থিক কার্যক্রম স্বাভাবিক আছে। বিসিবি তার বিদ্যমান সম্পদ ব্যবহার করেই সব ধরনের আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে সম্পূর্ণ সক্ষম।’
বোর্ডের প্রশাসনিক বা আর্থিক বিষয়ে কোনো সংবাদ প্রচারের আগে গণমাধ্যমকর্মীদের তথ্যের সত্যতা যাচাই করে নেয়ার অনুরোধ জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।
