যুক্তরাষ্ট্র ও ইসরাইল অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইরানের রাজধানী তেহরানে। শুক্রবার এ যুদ্ধের ১৪তম দিন। এদিন ইরানের কাশান, ইসফাহান, কোম এবং আরাকে হামলা করেছে। তেহরানের নিরাপত্তা বিষয়ক স্থাপনা এবং বাসিজ মিলিশিয়াদের লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। জবাবে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপ (আইআরজিসি) পাল্টা হামলা করেছে। তারা বলেছে, ইসরাইলকে টার্গেট করে তারা ৪৪টি হামলা করেছে। এখানেই শেষ নয় মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইল ও মার্কিন লক্ষ্যবস্তুতে তীব্র হামলা করেছে ইরান। দুবাইয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। সৌদি আরব, কাতারেও হামলা হয়েছে। দুবাইয়ে হামলার পর বুর্জ খলিফা ভবনের উপর দিয়ে গাঢ় ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের রাজধানী রিয়াদে কূটনৈতিক অঞ্চলে ড্রোন হামলা হয়েছে। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রিয়াদে কূটনৈতিক অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সময় একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগে মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন তারা দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে আরও আটটি ড্রোন গুলি করে নামিয়েছে। ইরাকি গোষ্ঠী মার্কিন সামরিক বিমান ধ্বংসের দাবি করেছে। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স শুক্রবার ঘোষণা করেছে যে, ইরাকি রেজিস্ট্যান্স ফোর্স যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী একটি যুদ্ধবিমানে আঘাত করেছে। খাতাম আল-আনবিয়ার একজন মুখপাত্র দাবি করেছেন, ইরাকের পশ্চিমাঞ্চলে ইরাকি রেজিস্ট্যান্সরা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন ওই বিমানে আঘাত করেছে। এতে বিমানটি বিধ্বস্ত হয় বলে দাবি করেছে তারা। এ খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম। ওই মুখপাত্র আরও দাবি করেন, বিমানটির সব আরোহী নিহত হয়েছে। ওদিকে শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ের ভবনগুলো কেঁপে ওঠে। বিস্ফোরণের বিকশ শব্দ শোনা যায়। এরপরই আকাশে কালো ধোঁয়া দেখা যায়। বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক এই বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
ওদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে দুইটি ড্রোন হামলা হয়েছে। তবে তা প্রতিহত করা হয়েছে। দক্ষিণ তুরস্কে ন্যাটোর গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে সাইরেন বাজানো হয়েছে। তুরস্কের ইনসিরলিক বিমানঘাঁটিতে শুক্রবার ভোরে সাইরেন বাজানো হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটি এবং এখানে মার্কিন সেনারা অবস্থান করছে। কুয়েতের বিমান প্রতিরক্ষা ‘ক্ষেপণাস্ত্র হুমকি’ মোকাবিলা করছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় কাজ করছে।
