দেশজুড়ে মাল্টিপ্লেক্স সিনেমা হলের চাহিদা বাড়ছে। দর্শকদের এ চাহিদার কথা মাথায় রেখে নারায়ণগঞ্জে নতুন শাখা চালু করেছে স্টার সিনেপ্লেক্স। ঈদের দিন এই শাখার উদ্বোধন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুন এই শাখায় তিনটি হল রয়েছে। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি করে আসন এবং একটি হলে রয়েছে ৭৫টি আসন। নান্দনিক পরিবেশ, আধুনিক সাউন্ড সিস্টেম এবং বড় পর্দাসহ বিশ্বমানের সুবিধা নিয়ে নির্মাণ করা হয়েছে হলগুলো।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এটি নারায়ণগঞ্জবাসীর জন্য ঈদের উপহার। দীর্ঘদিন ধরে এখানকার দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল। তিনি আরও বলেন, দর্শকদের জন্য উন্নত পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সিনেমা হল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বাইরে বিভিন্ন শহরে শাখা সম্প্রসারণ করছে স্টার সিনেপ্লেক্স।
