মৌলভীবাজারে শিশুদের নিয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনার পর পালিয়ে যায় বড় ভাই। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে শহরের সার্কিট হাউজ এলাকায় শিশুদের নিয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়।
এ সময় বড় ভাই হানিফের ছুরিকাঘাতে ছোট ভাই তানিম গুরুতর জখম হলে তাকে তাৎক্ষণিক মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পরই বড় ভাই হানিফ পালিয়ে যায়। নিহত তানিমের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে। তার বাবার নাম মো. সাইদুর রহমান। তারা দীর্ঘদিন ধরে সার্কিট হাউজ এলাকার একটি কলোনিতে বসবাস করতেন। নিহত তানিম পেশায় একজন দিনমজুর। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
