বরগুনার আমতলীতে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ইউএনও অফিস গেটসংলগ্ন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জালাল উদ্দিন। এসময় লিখিত বক্তব্যে জালাল বলেন, উপজেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ।
ঐক্যবদ্ধ বিএনপিকে ভাঙার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে এবং নামকাওয়াস্তে কিছু অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া আমার বিভিন্ন সময়ে দলীয় কার্যক্রমের বক্তব্যের খণ্ডিত অংশ ব্যবহার এবং এডিট করে দলের নিকট ছোট করার জন্য অপপ্রচার চালাচ্ছে। যাতে দল এবং মানুষের কাছে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও সংবাদ সংম্মেলনে ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমি ছাত্রদল, যুবদলসহ দীর্ঘদিন উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছি। এছাড়া আমি সুনামের সঙ্গে আমতলী সদর ইউনিয়নের ৯ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে অনেক নির্যাতন মামলা হামলার শিকার হয়েছি। তিনি বলেন, আমতলী পৌরসভাসহ ৭টি ইউনিয়নের নেতাকর্মীরা আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকায় একটি ষড়যন্ত্রকারী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি‘র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও যুবদলের সভাপতি মো. কবির উদ্দিন ফকির ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন ও আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন মৃধা প্রমুখ।
