ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপি’র দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ছাড়া, লালন নামে একজনের দোকানের ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয় বলে জানা গেছে। সে সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ছাড়াও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চরগোলক নগর গ্রামে ঈদ প্রণোদনার কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপি’র দুই নেতার কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, সকালে ওয়ার্ড বিএনপি’র সভাপতি সায়েম মণ্ডলের নিকট কার্ড চায় যুবদলের শামীম, এ নিয়ে বাকবিতণ্ডা হয়। যুবদল নেতা শামীম জানান, ওয়ার্ড সভাপতি হিসেবে তার কাছে অনেকগুলো কার্ড ছিল, আমি আবার কিছু সমর্থকের জন্য চাইলে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে।
অপরদিকে সায়েম মণ্ডল জানান, আমি কার্ড সকলকে ভাগ করে দিয়েছি, যুবদল করে, যুবদল থেকে কার্ড পেয়েছে, আমার সঙ্গে দল করে না তাই আমি তাকে দিইনি। এদিকে, নেতা ও মাতব্বরদের হাতে কার্ডের কারণে অনেক গরিব মানুষ কার্ড পাচ্ছে না। শুধু তাদের মনমতো লোকরা কার্ড পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
