মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা

স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ফন্ট সাইজ:

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পরিবহন গাড়ি আসছিল। এ সময় একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক তখনই ঢাকার থেকে পাটুরিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। সংকীর্ণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোনায়েম খান (৪০) গুরুতর আহত হন। তিনি ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন মাটির মসজিদ এলাকার বাসিন্দা। মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী জোসনা আক্তারও মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয়। এ সময় হাসপাতালে নেয়ার পথেই মোনায়েম খান মারা যান।

গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দু’টি উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন