খেজুর নিয়ে অপপ্রচার করা হচ্ছে- মৌলভীবাজারের জেলা প্রশাসক

ফন্ট সাইজ:

সৌদি সরকারের দেয়া উপহার খেজুর বরাদ্দ নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচারে ব্যাখ্যা দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সৌদির কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার কর্তৃক ১৭০ কার্টন খেজুর মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। এ বিষয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার এবং ফটোকার্ড প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণরূপে অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি জানান সৌদির উপহার খেজুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১লা মার্চ মৌলভীবাজার জেলায় ১৭০ কার্টন খেজুর জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের ত্রাণ ও পুনর্বাসন শাখার ১০ই মার্চ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ২৬ কার্টন, কুলাউড়া উপজেলায় ২৮ কার্টন, শ্রীমঙ্গল উপজেলায় ২০ কার্টন, বড়লেখা উপজেলায় ২২ কার্টন, কমলগঞ্জ উপজেলায় ২০ কার্টন, রাজনগর উপজেলায় ১৬ কার্টন ও জুড়ী উপজেলায় ১২ কার্টন সর্বমোট ১৪৪ কার্টন খেজুর উপজেলা নির্বাহী অফিসারগণের অনুকূলে উপ-বরাদ্দ প্রদান করা হয়। অবশিষ্ট ২৬ কার্টন খেজুর হতে দুই কার্টন করে জেলা সদরের সরকারি শিশু পরিবার (বালিকা), খালিশপুর মাহমুদা আফরোজ এতিমখানা কমপ্লেক্স, হযরত শাহ খোয়াজ (রা.) এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সম্পাসী নেছারুল কোরআন হাফিজিয়া এতিমখানা, উত্তর মুলাইম মল্লিকসরাই এতিমখানা, উলুয়াইল ইসলামিয়া এতিমখানা। রাজনগর ক্বারী ফরিদ উদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, মৌলভী মছদ্দর খান হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা। শ্রীমঙ্গল গাউছিয়া খাজা গরীবে নেওয়াজ এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কমপ্লেক্স, হাজী মো. মনু মিয়া এতিমখানা, মন্দিরগাঁও হাজী আবদুল মালিক এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কমপ্লেক্স, লুৎফিয়া এতিমখানা, মোহাম্মদিয়া এতিমখানা, শ্রীমঙ্গল, মৌলভীবাজারে উপ-বরাদ্দ ও বিতরণ করা হয়। খেজুর বিতরণে কোনো ধরনের অস্বচ্ছতা নেই। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়িয়ে জনমনে নানা সন্দেহ ও অসন্তোষের সৃষ্টি করা হচ্ছে। যা খুবই দুঃখজনক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন