বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে বাধা নেই: আপিল বিভাগ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রিট খারিজের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২৯শে জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করেন। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে এ রুল জারি হয়েছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট জমির উদ্দিন সরকার, এডভোকেট আহসানুল করিম ও এডভোকেট মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে দুবাই সরকারের মধ্যে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এই বিনিয়োগ চুক্তি হচ্ছে। প্রাথমিকভাবে প্রকল্পটির বিনিয়োগ ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি টাকা। পরে পূর্ণাঙ্গ মূল্যায়নে দেখা যায়, প্রকল্পটির ব্যয় দাঁড়াবে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। দুবাই সরকার ওই বিনিয়োগের মাধ্যমে টার্মিনালটির আধুনিকায়ন, সংস্কার ও পরিচালনার দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আপিল বিভাগের এই আদেশের ফলে বিদেশি অংশীদারের সঙ্গে চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের আর কোনো আইনি বাধা রইলো না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন