সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী জয়নাল আবেদীন শিমুল বাগান রক্ষায় যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু লুট বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিমুল বাগান সংলগ্ন যাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, পরিবেশপ্রেমী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপি’র নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল যাদুকাটা নদীর পাড় কেটে ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাগানের সামনের অংশ থেকে নদীর পাড় কেটে বালু উত্তোলনের কারণে ঐতিহাসিক শিমুল বাগানসহ আশপাশের এলাকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, জয়নাল আবেদীন শিমুল বাগান শুধু তাহিরপুর নয়, পুরো সুনামগঞ্জসহ দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বসন্ত মৌসুমে লাল শিমুল ফুলে ভরে ওঠা এই বাগান দেখতে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমান।
কিন্তু অবৈধ বালু উত্তোলনের ফলে বাগানের অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে। শিমুল বাগানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জয়নাল আবেদীনের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন বলেন, তার বাবা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে বাগানটি গড়ে তুললেও পরবর্তীতে এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়। বাগান রক্ষায় তারা বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বাদাঘাট এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার প্রমুখ।
