চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে ড্রাম্প ট্রাকের ধাক্কায় মো. কামাল উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বড়তাকিয়া-জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের নিপপন ইম্পাত কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ড্রাম্প ট্রাকের চালক খলিল হাওয়ালাদারকে আটক করেছে। নিহত কামাল থানা যুবদলের আহবায়ক ও খইয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে। জানা গেছে, কামাল ব্যবসায়ীক কাজে নিজে গাড়ি চালিয়ে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাওয়ার পথে নিপপন ইস্পাত কারখানার সামনে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ড্রাম্প ট্রাক তার গাড়ির সামনের দিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গাড়ির স্ট্যাডিংয়ের সঙ্গে আটকে যায় সে। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, ট্রাক চালক খলিল হাওলাদারকে মিরসরাই থানা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনায় আহত যুবদল নেতা কামাল উদ্দিনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
