ধানক্ষেত থেকে উদ্ধার নবজাতককে দত্তক নিতে ১০ আবেদন

ধানক্ষেত থেকে উদ্ধার নবজাতককে দত্তক নিতে ১০ আবেদন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে উদ্ধার নবজাতককে দত্তক নিতে ১০ আবেদন জমা পড়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর সড়ক পাশের ধানক্ষেতে পড়ে থাকা নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পায় এক পথচারী। পরে স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়া নবজাতকটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। তারপর ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উদ্ধারের সময় নবজাতকের শরীরে রক্ত লেগে ছিল। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি আছে। নবজাতকে পাওয়া স্থানীয় বাসিন্দা জোনাব আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় শিশুটি কান্না করছিল। এক পথচারী বিষয়টি আমাকে জানালে শিশুকে আমার বাড়িতে নিয়ে যাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. সানজিত মোদক বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে দেয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। তিনি আরও বলেন-ধারণা করছি বাচ্চাটি ৩ থেকে ৪ ঘণ্টা আগে ভূমিষ্ঠ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান জানান, নবজাতক বর্তমানে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। প্রয়োজনীয় খাবার এবং ওষুধের ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়েছে। নবজাতককে দত্তক নিতে ইতিমধ্যে ১০ জন আবেদন করেছেন। আরও অনেকে মোবাইলে যোগাযোগ করছেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন