চকরিয়ায় ৪৮ ঘণ্টা পর অপহৃত উদ্ধার আটক ১

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক কিশোরকে ৪৮ ঘণ্টার পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। পরে আটককৃত আসামির দেয়া তথ্যে গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার ছগিরশাহ কাটা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোর পারভেজ হোসেন (১৭) উদ্ধার করা হয়। অপহৃত পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে। এর আগে গত ৯ই মার্চ দিবাগত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর রাস্তার মাথা এলাকা থেকে পারভেজকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকায় টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত নুরুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হয়। পারভেজের বাবা মঞ্জুর আলম জানান, তার ছেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ একটি দোকানে চাকরি করতেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে দুষ্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়। পুলিশ জানায়-লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়ার উত্তর হারবাংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে অপহরণের শিকার হয় পারভেজ। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারী দলের একজনকে আটক করে তার দেয়া তথ্যে তাকে উদ্ধার করা হয়। ওসি আরও জানান, অপহরণে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন