দৌলতপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের পাঁচদিন পর নদী থেকে মলেজান নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী। জানা গেছে, মলেজান মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হতেন। পাঁচদিন আগে তিনি বাড়ি থেকে আবারো নিখোঁজ হন। তাকে খুঁজতে এলাকায় মাইকিং করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজখবর করা হয়। দুপুরে স্থানীয়রা বিলগাথুুয়া গ্রামের নিচ দিয়ে বয়ে যাওয়া সীমান্তঘেঁষা মাথাভাঙা নদীতে বাংলাদেশ সীমানায় একটি মরদেহ ভাসতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ বিলগাথুয়া বিওপি’র সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হাস্তান্তর করে। নিহতের স্বজনদের ধারণা, অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে মলেজানের মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নামে এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন