প্রেসিডেন্টের অভিশংসন ও সব সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণসহ তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীসহ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। গতকাল ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। দাবি তিনটি হলো- গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার। কর্মসূচিতে এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ অধিবেশনের প্রথম দিন গতকাল সকালে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিতে দেখা যায় তাদের।
এদিকে, প্রথম অধিবেশনকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবনে আসতে শুরু করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অধিবেশনে যোগ দেয়ার আগে সরকারদলীয় সংসদ সদস্যরা জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন এ সংসদ।
অন্যদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা বিএনপি’র এমপিদের প্রতি সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান। সেইসঙ্গে প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করেছেন অভিযোগ করে প্রেসিডেন্টের সংসদ অধিবেশনে অংশগ্রহণের অধিকার নেই বলেও জানান তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই প্রথম সংসদ অধিবেশন।
