আসছেন শমিত ভিয়েতনামে যোগ দেবেন হামজা

ঈদের আগে শুরু প্রস্তুতি ক্যাম্প

আসছেন শমিত ভিয়েতনামে যোগ দেবেন হামজা

ফন্ট সাইজ:

এশিয়ান কাপের মূলপর্বে লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আগামী ৩১শে মার্চ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। সেই ম্যাচে খেলার কথা রয়েছে চোট কাটিয়ে লেস্টার সিটির হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। এ ম্যাচকে সামনে রেখে ১৬ই মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বসুন্ধরা কিংসে অনুশীলন করবে দল। তবে ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন না ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা।

আন্তর্জাতিক বিরতির আগে ২১শে মার্চ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ খেলবে তার ক্লাব লেস্টার সিটি। সেই ম্যাচ খেলেই ২২শে মার্চ দলের সঙ্গে যোগ দেবেন হামজা। গতকাল জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ভিয়েতনামেই হামজা আমাদের সঙ্গে মিলিত হবে। ভিয়েতনামের বিপক্ষে খেলবেও। সেখান থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে তারপরে সে তার দেশে যাবে।’ হামজা না এলেও অনুশীলনে যোগ দিতে ঢাকায় আসছেন কানাডা প্রবাসী আরেক মিডফিল্ডার শমিত সোম। ক্যাম্প শুরুর আগের দিন ঢাকায় পা রাখবেন তিনি। মূলপর্বে যাবার লড়াই থেকে ছিটকে যাওয়ায় সিঙ্গাপুর ম্যাচ ঘিরে র?্যাঙ্কিংয়ে উন্নতি আনায় নজর স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার। এ কারণে ঈদুল ফিতরের আমেজের মধ্যে জাতীয় দলের ক্যাম্প শুরু করছেন। সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে নিজেদের প্রস্তুত করতে ২৬শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ম্যাচের পরদিন ঢাকায় আসবে সিঙ্গাপুর। ক্যাম্পে ডাক পাওয়া বাকি প্রবাসী ফুটবলারদের মধ্যে জায়ান আহমেদ আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। জায়ান যোগ দেবার দুই দিন পর ক্যাম্পে পা রাখবেন ফাহমিদুল ইসলাম এবং তারিক কাজী। ভিয়েতনাম যাওয়ার আগে প্রস্তুতি ঘাটতি রাখতে চাইছে না টিম ম্যানেজম্যান্ট। এ নিয়ে বাবু বলেন, ‘আমাদের ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় থাকবে। ২৩ জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাবো। ঈদের আগেই কিন্তু আমরা প্লেয়ারদেরকে ডেকেছি। আমরা ঈদকে প্রাধান্য না দিয়ে আমরা খেলাকে প্রাধান্য দিচ্ছি। কোনো অবস্থাতেই কোনো খেলোয়াড়কে ছাড়বো না।’ চুক্তি অনুযায়ী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের ডাগআউটে হ্যাভিয়ের কাবরেরার শেষ ম্যাচ হতে যাচ্ছে। ওই ম্যাচ শেষে কাবরেরা দেশে ফিরে যাবেন নাকি নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে সেই আলোচনা আপাতত হয়নি।

এ নিয়ে বাবু বলেন, ‘সিঙ্গাপুরের ম্যাচ আর ভিয়েতনামের ম্যাচটা নিয়েই কিন্তুআলাপ-আলোচনা হয়েছে। কাবরেরা নিয়ে কোনো কথা হয় নাই। কাবরেরা নিয়ে আমরা কী করবো না করবো সিঙ্গাপুরের ম্যাচের আগে এ ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তই নেইনি এবং নেবোও না। সিঙ্গাপুরের খেলা শেষ করে দল যখন ঢাকায় আসবে, তখন সিদ্ধান্ত নেবো।’ এশিয়ান কাপের বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে পয়েন্ট তালিকার তিনে আছে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন