মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। টাইগার বোলারদের সামনে রেকর্ড ১১৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। পরে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। পাকিস্তানের এমন পারফরম্যান্স দেখে ক্ষোভ ঝাড়লেন সাবেক পাক পেসার মোহাম্মদ আমির। এমনকি পাকিস্তান দল ভবিষ্যতে আইসিসির ‘সহযোগী সদস্য’ দেশে পরিণত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন।
নিজের ফেসবুক পেজে পাকিস্তানের তরুণ খেলোয়াড়দের নিবেদন ও টেকনিক নিয়ে প্রশ্ন তোলেন আমির। তিনি বলেন, ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারতে শুরু করেছি। আমার ভয় হচ্ছে, আমরা হয়তো শিগগিরই একটি সহযোগী দেশের স্তরে নেমে যাবো।’ আমিরের মতে, অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশের মাটিতে খেলতে আসাটা ছিল বড় ভুল। বাংলাদেশের বোলারদের দাপটে দিশাহারা পাক ব্যাটারদের পারফরম্যান্সকে লজ্জাজনক বলে অভিহিত করেন আমির। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে ১১৪ রানে অলআউট হওয়াটা মেনে নিতে পারছেন না তিনি। আমির বলেন, ‘নাহিদ রানা ও মিরাজ দুর্দান্ত বল করেছে। কিন্তু আমাদের তরুণ ব্যাটারদের টেকনিক অত্যন্ত দুর্বল। অফ-স্ট্যাম্পের বল কীভাবে খেলতে হয়, তারা তা জানেই না। তারা কেবল মিড-উইকেট দিয়ে খেলতে চায়।’ শামীল হোসেনের আউট হওয়ার উদাহরণ টেনে আমির বলেন, ‘তরুণদের বোঝা উচিত অফ-সাইডেও রান করার জায়গা আছে।’ চলতি সিরিজে দলের সেরা ব্যাটার বাবর আজমকে বিশ্রামের নামে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। যদিও অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেছেন স্রেফ বিশ্রামে গেছেন বাবার। আর এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন আমির। তিনি বলেন, ‘সিনিয়রদের হুট করে বাদ দিয়ে শুধু তরুণদের দিয়ে দল চালানো যায় না। দলে অভিজ্ঞতা ও গাইডেন্সের প্রয়োজন আছে।’ একই উইকেটে যেখানে পাকিস্তান ব্যাটাররা ধুঁকেছেন, সেখানে বাংলাদেশ অনায়াসেই রান তাড়া করায় নিজ দেশের বোলিং আক্রমণকেও কাঠগড়ায় তুলেন এই বাঁহাতি পেসার।
‘ক্রিকেটে পাকিস্তান সহযোগী দেশ হয়ে যাচ্ছে’
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
