বিশ্বখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর মর্যাদাপূর্ণ ‘বর্ষসেরা পারফরম্যান্স’ পুরস্কার জিতলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ২০২৫ সালের ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডসে টি-টোয়েন্টি লীগ ক্যাটাগরিতে সেরা বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে। বিপিএলের একাদশ আসরে ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন। এ স্পেলের জন্যই সম্মাননা পেলেন তিনি। বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত এক বোলিং পারফরম্যান্স উপহার দেন তাসকিন আহমেদ। সেদিন মিরপুরে মাত্র ১৯ রান খরচ করে শিকার করেন ৭ উইকেট। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের ইতিহাসে এটি অন্যতম সেরা বোলিং রেকর্ড। টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়েন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টিতে যেকোনো বাংলাদেশি বোলারের মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
ম্যাচটিতে ইনিংসের শুরুতে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক লিটন দাসকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর মারকুটে ওপেনার তানজিদ হাসানকেও ক্রিজ ছাড়া করে সাজঘরে ফেরান। ইনিংসের শেষ দিকে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন তাসকিন। বিশেষ করে নিজের শেষ ওভারের চার বলের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে নিজের সাত উইকেট পূর্ণ করেন। তাসকিনের এই তাণ্ডবের মাঝেও ঢাকা ১৭৪ রান তুলতে সক্ষম হলেও, লক্ষ্য তাড়ায় ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় দুর্বার রাজশাহী। নিজের এ অর্জন নিয়ে তাসকিন বলেন, ‘আমি সবসময়ই বেশি উইকেট নেয়ার কথা ভাবতাম। আপনি যদি মনে মনে ছবিটা আঁকতে না পারেন, তবে সেটা বাস্তবে ঘটানো সম্ভব নয়। অধিনায়ক যখনই আমাকে আক্রমণে এনেছেন, তখনই আমি অবদান রাখতে পেরেছি-এটা সত্যিই দারুণ এক অনুভূতি।’ ক্রিকইনফোর এই সেরার দৌড়ে তাসকিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী
ছিলেন নাথান সউটার। ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের ফাইনালে ওভাল ইনভিন্সিবলসের হয়ে ট্রেন্ট রকেটসের বিপক্ষে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। জো রুট ও টম ব্যান্টনের মতো তারকাদের ফিরিয়ে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখলেও, শেষ পর্যন্ত তাসকিনের ১৯ রানে ৭ উইকেটের অবিশ্বাস্য কীর্তির কাছেই হার মানতে হয়েছে তাকে।
প্রতিবছর তিন সংস্করণের ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ের সেরা পারফরম্যান্সগুলোকে স্বীকৃতি দেয় ইএসপিএনক্রিকইনফো। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি লীগের পারফরম্যান্সকেও সেখানে মূল্যায়ন করা হয়।
ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারে তাসকিন
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
