বাংলাদেশ ফুটবল লীগে জয়খরায় ভুগছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লীগে শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তিনটিতে ড্র ও দুটি ম্যাচে হেরেছে সাদা-কালোরা। এমন পারফরম্যান্সে লীগ শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়েছে মোহামেডান। দশম রাউন্ড শেষে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা। শিরোপার দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। সেই চ্যালেঞ্জ মাথায় রেখে আজ দুপুর পৌনে তিনটায় ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে। মুন্সীগঞ্জে দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে প্রথম পর্বে হারের প্রতিশোধ নিতে মাঠে নামবে ফকিরেরপুল ইয়াংমেন্স।
বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করে মোহামেডান। এরপর খেই হারায় সাদা-কালোরা। ফেডারেশন কাপে টানা দুই ম্যাচে ড্র করে মোহামেডান। অফফর্ম কাটানোর জন্য সেই পুলিশ দলকে পাচ্ছে তারা। বিএফএলের প্রথম পর্বে পুলিশ দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল মোহামেডান। অন্যদিকে লীগে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে পুলিশ দল। অফফর্মে থাকা মোহামেডানকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার সুযোগ তাদের। তবে লীগে নিজেদের শেষ ম্যাচে জয় নেই পুলিশ দলের। ব্রাদার্সের সঙ্গে ১-১ ড্র করে তারা। আজ পুলিশের লক্ষ্য থাকবে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা আবাহনীর ওপর চাপ সৃষ্টি করা। মোহামেডান হেরে গেলে ফকিরেরপুল জয় পেলে পযেন্ট টেবিলের আরও নিচে নেমে যাওয়ার শঙ্কায় পড়বে।
তিনদিন আগে ফেডারেশন কাপে আবাহনীকে ১-১ গোলে রুখে দেয়া রহমতগঞ্জ মাঠে নামছে ফকিরেরপুলের বিপক্ষে। প্রথম পর্বে তাদের ২-০ গোলে হারায় রহমতগঞ্জ। সেই হারের শোধ দেয়ার সুযোগ ফকিরেরপুলের। তবে মতিঝিলের পাড়ার ক্লাবটির জন্য কাজটা সহজ হবে না। পয়েন্ট টেবিলে রহমতগঞ্জ ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। যদিও লীগে নিজেদের শেষ ম্যাচে আবাহনীর কাছে ৪-১ গোলে হেরেছিল রহমতগঞ্জ। সেই হারের ক্ষত নিয়ে আজ ঘুরে দাঁড়াতে চায় পুরান ঢাকার দলটি। অন্যদিকে, ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা ফকিরেরপুল শেষ ম্যাচে আরামবাগের সাথে ১-১ গোলে ড্র করেছে। আজ জয় পেলে তারা এক লাফে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসার সুযোগ পাবে।
লীগে ১০ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে বসুন্ধরা কিংস, সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে ফর্টিস এফসি। ১৬ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী।
