ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী দুই ছাত্রনেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুরকৃত দুই ছাত্রনেতা হলেন-ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও ‘দ্য রেড জুলাই’ এর জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইম। ঝিনাইদহ আদালত পরিদর্শক মোক্তার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও দ্য রেড জুলাই-এর আহ্বায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
গত ৭ই মার্চ দিবাগত রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে অগ্নিসংযোগের অভিযোগে বাস মালিকদের পক্ষে মামলা দায়ের করা হয়। এই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির নেতারা আসামি হন। এদিকে একই দিন আওয়ামী লীগ নেতা হারুণ অর রশিদের সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতার জামিন নামঞ্জুর করে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ঝিনাইদাহ আদালতের কোট ইন্সপেক্টর মোক্তার হোসেন জানান, ফিলিং স্টেশনে ভাঙচুরের মামলায় আটক আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৭ই মার্চ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আওয়ামী লীগ নেতা হারুণ অর রশিদের তাজ ফিলিং স্টেশনে পাম্পকর্মীদের হামলায় নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারদিন আহমেদ নীরব। পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে বৈষম্যবিরোধী ওই নেতাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করে পাম্পের কর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ওই ঘটনার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতে আওয়ামী লীগ নেতার একটি ফিলিং স্টেশনের ভাঙচুর চালায়। একইদিন মধ্যরাতে ঝিনাইদহ টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ৮ই মার্চ অগ্নিসংযোগ ও ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। এরপর ওইদিন মধ্যরাতে শহরের বিভিন্ন মেসে অভিযান চালিয়ে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আটক করে। পরে তাদের ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
