ভোলা-৩ আসনের এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক সদ্য সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ (লালমোহন ও তজমুদ্দিন) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বিএনপি’র মন্ত্রিসভায় ১৯৯৬ সালে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে পানিসম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
