পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

ফন্ট সাইজ:

জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। বৃহস্পতিবার ভোরে হঠাৎ মুষলধারে বৃষ্টি হলে এ ক্ষতিতে পড়েন কৃষকরা। উপজেলার ধরঞ্জী, শ্রীমন্তপুর, হাটখোলা, রতনপুর, রায়পুর, পাড়ইল, নন্দইল, সমসাবাদসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ২ ঘণ্টাব্যাপী এই বৃষ্টিতে মাঠের খিরা, পিয়াজ ক্ষেতে হাঁটু পানি জমেছে। এছাড়াও ভুট্টা, সরিষা ও গম ক্ষেতে বৃষ্টির কারণে ক্ষেতেই নুয়ে পড়েছে। ধরঞ্জী গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, আমি অনেক স্বপ্ন নিয়ে এক বিঘা জমিতে ১৫ হাজার টাকা খরচ করে খিরার আবাদ করেছিলাম। আশা ছিল এবার লক্ষাধিক টাকার খিরা বিক্রির।

সকালে জমিতে গিয়ে দেখি একহাঁটু পানি। একই গ্রামের আব্দুর রশিদ বলেন, বৃষ্টিতে আমার দুই বিঘা জমির অপরিপক্ব গম নুয়ে পড়ে গেছে। ভালো ফলন আর হবে না। কৃষক নুরুল ইসলাম বলেন, আমার পিয়াজের জমিতে হাঁটু পানি জমেছে। পানি বের করার কোনো উপায় নেই। হঠাৎ বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেল। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন জানান, যেসব জমিতে পানি জমেছে, সেসকল জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যত দ্রুত পানি নিষ্কাশন করা হবে ততই ভালো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন