কক্সবাজারের টেকনাফে ১৭টি মামলার পলাতক আসামি ও স্থানীয় অপরাধ জগতের মো. ফরিদুল আলম ওরফে মেহেদী হাসান ওরফে ফরিদকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালীন আসামির সহযোগীদের হামলায় র্যাব’র অন্তত ৭-৮ জন সদস্য আহত হয়েছেন। র্যাব’র একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত ফরিদ নাজিরপাড়া গ্রামের সিদ্দিক আহমদের ছেলে।
এ ছাড়াও তিনি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে রয়েছেন। ?র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নাজিরপাড়া খেলার মাঠ এলাকায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে হত্যা, মাদক, অস্ত্র ও মানিলন্ডারিং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তার নির্দেশে ১০০-১৫০ জন লোক দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ৭-৮ জন র্যাব সদস্য আহত হন।
উত্তেজিত জনতা অভিযানে ব্যবহৃত র্যাব’র একটি সরকারিসহ দু’টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ পুড়িয়ে দেয়। ?ফরিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক এবং অস্ত্রসহ মোট ১৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে এলাকায় সন্ত্রাসীদের গডফাদার এবং অপরাধীদের প্রধান আশ্রয়দাতা হিসেবে পরিচিত। ?সরকারি কাজে বাধা প্রদান ও মারামারির একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
