যশোরে এবার অপহরণের শিকার হলেন আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের একজন বিক্রয় প্রতিনিধি। তার স্ত্রীর কাছে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। আবিদের বাবার কাছেও মুক্তিপণ দাবি করে ম্যাসেজ দেয়া হয়েছে। অপহৃত আবিদ সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসের মার্কেটিং অফিসার পদে চাকরি করেন।
আবিদের স্ত্রী মিনি খাতুন অভিযোগ করেন, বুধবার সকালে তার স্বামী বাড়ি থেকে বের হন। দুপুরে তাকে ফোন দিয়ে জানান, খাবারের জন্য দোকানে যাচ্ছে। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। রাত ৭টা ৫২ মিনিটের দিকে অফিস থেকে তার অবস্থান জানতে চাওয়া হয়। বলা হয়, দুপুরে খাবারের জন্য বের হয়েছে আর অফিসে ফেরেনি। এরপর স্বামীর মোবাইল বন্ধ পান। বিষয়টি পরিবারের সকল সদস্যকে জানান।
রাত ৯টা ৫ মিনিটের দিকে একটি নম্বর থেকে তার মোবাইল নাম্বারে কল আসে। তিনি ফোন রিসিভ করতেই তার স্বামী কান্নাজড়িত কণ্ঠে বাঁচানোর আকুতি করেন। এর কিছুক্ষণ পর আবিদের বাবার মোবাইল ফোনে কল দিয়ে বলা হয়, ‘এখনই ১ লাখ টাকা বিকাশে পাঠাতে হবে। তা না দিলে আবিদকে মেরে ফেলবো।’ তার বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারেও টাকা চেয়ে ম্যাসেজ করা হয়।
আবিদের কাছ থেকে নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নেয়া হয়েছে বলে অপহরণকারীরা জানায়। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে একাধিকবার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মিনি খাতুন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত শুরু করছে।
প্রসঙ্গত, গত ২রা মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার স্ত্রীর মোবাইল ফোনে মুক্তিপণ হিসাবে এক কোটি টাকা দাবি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়। ঘটনার ৯ দিন পর ১১ই মার্চ রাতে চৌগাছা উপজেলার খলসি গ্রাম থেকে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে র্যাব সদস্যরা।
