জয়পুরহাটের কালাই উপজেলায় হঠাৎ হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। বিশেষ করে আলু উত্তোলনের একেবারে শেষ সময়ে এমন বৃষ্টিতে পানির নিচে ডুবে গেছে আলুর ক্ষেত ও মাঠে তুলে রাখা আলু। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। অনেকেই জমি থেকে আলু তুলে হিমাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে সরজমিন উপজেলার আঁওড়া, হাতিয়র, তালোড়া বাইগুনি, কালিমহুর, ঝামুটপুর ও বানিহারা এলাকাসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়-বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে আছে। কোথাও জমির ওপর বৃষ্টির পানি জমে আছে, আবার কোথাও ওপরের জমি থেকে নেমে আসা পানি নিচের জমিতে জমে ফসল তলিয়ে দিচ্ছে। অনেক জায়গায় আলু তুলে জমিতে শুকানোর জন্য রাখা হয়েছিল। কিন্তু আকস্মিক বৃষ্টিতে সেই আলু পানিতে ডুবে যাওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যেসব পথ দিয়ে বৃষ্টির পানি সহজে পারাপার হতো, সেসব পথ অনেক জায়গায় ভরাট হয়ে যাওয়ায় এখন পানি দ্রুত নামতে পারছে না।
ফলে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যাচ্ছে এবং ফসলের ক্ষতি হচ্ছে। আঁওড়া গ্রামের কৃষক লাবু মিয়া জানান, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। কয়েকদিন আগে আলু তুলে জমিতেই শুকানোর জন্য রেখে দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই আলু বস্তা করে হিমাগারে পাঠানোর কথা ছিল। কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমে সব আলু ডুবে গেছে। হাতিয়র গ্রামের কৃষক মাসুদ রানা বলেন, তিনি কিস্তির টাকা তুলে আলু চাষ করেছিলেন। বাজারে আলুর দাম কম থাকায় কিছুদিন অপেক্ষা করে আলু হিমাগারে রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে সব আলু তলিয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, উপজেলার কিছু মাঠে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত পানি নিষ্কাশন করা গেলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হতে পারে। তিনি কৃষকদের দ্রুত জমির পানি সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন।
