বার্নাব্যুতে ‘ভালভার্দে’ ঝড়ের পর গার্দিওলার আত্মসমর্পণ

উয়েফা চ্যাম্পিয়নস লীগ

বার্নাব্যুতে ‘ভালভার্দে’ ঝড়ের পর গার্দিওলার আত্মসমর্পণ

ফন্ট সাইজ:

উয়েফা চ্যাম্পিয়নস লীগের মঞ্চে প্রথম লেগে বড় ব্যবধানে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর ইতিহাস ঢের রয়েছে। ট্রান্সফার মার্কেটের হিসাবে প্রথম লেগে তিন বা তার বেশি ব্যবধানে পিছিয়ে থাকা দল ১৪ বার প্রত্যাবর্তনের গল্প লিখেছে। ২০১৬-১৭ মৌসুমে শেষ ষোলো প্রথম লেগে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। বড় ব্যবধানে পিছিয়ে থাকার পরও দ্বিতীয় লেগে ৬-১ গোলে জিতে শেষ আটে পা রেখেছিল কাতালানরা। বুধবার চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলো প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে পরাজিত হয় ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে হারের পর সিটি কোচ পেপ গার্দিওলা যেন আত্মসমর্পণ করেন। কোয়ার্টার ফাইনালের ক্ষীণ সম্ভাবণা দেখছেন তিনি।

ম্যাচ শেষে সিটির কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘এখন তো আর আশা খুব একটা নেই। অবশ্যই আমরা চেষ্টা করবো, ভুলগুলো শুধরে ফেরার পথ খুঁজবো। আক্রমণভাগে আরও সক্রিয় হওয়ার চেষ্টা করবো।’ চমক দেখিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুর একাদশ সাজান গার্দিওলা। ২০ বছর বয়সী তরুণ মিডফিল্ডার নিকো ও’রাইলিকে লেফট-ব্যাক পজিশনে খেলান। গার্দিওলার সেই জুয়ার খেসারত দিতে হয় সিটিকে। ২০ মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার লম্বা পাস ও’রাইলি ঠিকমতো সামলাতে না পারলে সুযোগ লুফে নেন ফেদেরিকো ভালভার্দে। জিয়ানলুইজি দোন্নারুম্মাকে কাটিয়ে বল জালে জড়ান এই উরুগুয়েন মিডফিল্ডার। ম্যাচের ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে এক নিখুঁত নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। তবে বার্নাব্যুর দর্শকদের জন্য সেরা মুহূর্তটি তোলা ছিল বিরতির ঠিক আগে। ৪২ মিনিটে ব্রাহিম দিয়াজের সঙ্গে নান্দনিক ওয়ান-টু-ওয়ান পাস খেলে অসাধারণ এক ভলিতে হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়া সিটি নিজের ছায়া হয়ে ছিল। ৫৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি দোন্নারুম্মা রুখে না দিলে ব্যবধান বেড়ে ৪-০ হেত পারতো। একাদশ নির্বাচন নিয়ে গার্দিওলা আত্মপক্ষ সমর্থন করলেও, ও’রাইলির ভুল এবং ভিনিসিয়ুসকে আটকাতে খুসানভকে ব্যবহারের ট্যাকটিকস যে ব্যর্থ তা প্রমাণ হয়ে গেছে। একই রাতে পার্ক দে প্রিন্সে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হয় চেলসি। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ৫-২ গোলে জয় নিশ্চিত করে লুইস এনরিকের দল। চেলসির রক্ষণভাগকে স্রেফ নাচিয়ে ছেড়েছেন ওসমান দেম্বেলে এবং বদলি নামা খিচা কাভারাস্খেলিয়া। কাভারাস্খেলিয়া শেষ দিকে জোড়া গোল করে চেলসির বিদায়ঘণ্টা প্রায় বাজিয়ে দেন। অন্যদিকে, জার্মানির ‘বে এরিনা’তে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-১ সমতায় মাঠ ছাড়ে আর্সেনাল। রবার্ট আনড্রিখের হেডে পিছিয়ে পড়ার পর ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গানারদের সম্মান বাঁচান সাবেক লেভারকুসেন তারকা কাই হাভার্টজ। আর পর্তুগিজ জায়ান্ট স্পোর্টিং লিসবনকে ৩-০ গোলে হারায় নরওযের ক্লাব বোডো/গ্লিমট। টানা পাঁচ জয়ের রেকর্ড গড়ে নকআউট পর্বে নিজেদের অবস্থান পোক্ত করলো তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন