ক্যারিয়ারের ৯০০তম গোলের জন্য অপেক্ষাটা আরও অন্তত একটি ম্যাচ বাড়াতে হলো লিওনেল মেসিকে। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে গোলশূন্য ড্র করে ইন্টার মায়ামি। ফলে ৩৯ বছর বয়সী মেসিকে ৮৯৯ গোলে আটকে রইলেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের জিওডিস পার্কে আজ সকালে মাঠে নামে ইন্টার মায়ামি। গত ৯ই মার্চ ডিসি ইউনাইটেডের বিপক্ষে ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেন মেসি। আজ একটি গোল করতে পারলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করতেন তিনি। কিন্তু ন্যাশভিলের জমাট রক্ষণে বারবার বাধা পেয়েছেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি নিশ্চিত সুযোগ পেলেও ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকের দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হন তিনি। পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হন মায়ামি অধিনায়ক।
২০২৪ সালের এপ্রিল থেকে ন্যাশভিল বিপক্ষে খেলা ৬ ম্যাচে ১২টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে এবার সেই দাপট দেখাতে পারেননি তিনি। গত মাসে এলএএফসি-র কাছে ৩-০ গোলে হারের পর গত চার ম্যাচের মধ্যে এটি ছিল মেসির দ্বিতীয় গোলহীন ম্যাচ। বল দখলে মায়ামি ৫৯ শতাংশ এগিয়ে থাকলেও আক্রমণের ধার বেশি ছিল ন্যাশভিলের; তারা শট নিয়েছে ১৫টি, যেখানে মায়ামি নিতে পেরেছে মাত্র ৮টি। ইন্টার মায়ামির কোচ জাভিয়ের ম্যাশ্চেরানো রক্ষণভাগের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা রক্ষণাত্মকভাবে ভালো খেলেছি। অ্যাওয়ে ম্যাচ সবসময়ই কঠিন হয়। আগামী সপ্তাহে নিজেদের মাঠে সমর্থকদের সামনে আমরা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার চেষ্টা করবো।’
আগামী ১৯শে মার্চ ফোর্ট লাডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিরতি পর্ব। দুই পর্বমিলিয়ে যারা এগিয়ে থাকবে তারাই যাবে কোয়ার্টার ফাইনালে। যদি দ্বিতীয় লেগও গোলশূন্য ড্র হয়, তবে অতিরিক্ত সময় এবং পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী নির্ধারিত হবে। এছাড়া আগামী ৪ঠা এপ্রিল ইন্টার মায়ামি তাদের নতুন ভেন্যু ‘নু স্টেডিয়ামে’ প্রথমবারের মতো মাঠে নামবে অস্টিন এফসির বিপক্ষে।
অপেক্ষা বাড়লো মেসি
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
