জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ প্রদান করেন। ধর্ষকরা হলো- সদরের পাকুল্যা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে খালাশের আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯শে জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন