চট্টগ্রামের সীতাকুণ্ডে ভিজিএফের চাল ভাগাভাগি, ধানি জমির মাটি কাটা এবং আসন্ন ইউপি সদস্য নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের পরদিন উপজেলার মুরাদপুর ইউনিয়নের একটি টমেটো ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপ্তাখালি এলাকার একটি টমেটো ক্ষেতে কাজ করতে গিয়ে কৃষকরা এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম সজীব চৌধুরী আকাশ (২৬)। তিনি গোপ্তাখালি এলাকার একটি সিএনজি গ্যারেজে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোবহানবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব ইউনিয়নে। জানা যায়, মুরাদপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন গ্রুপ ও বিএনপি নেতা আলিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহাবুদ্দীন গ্রুপের কর্মী সজীব চৌধুরী আকাশ গুরুতর আহত হন। পরে তার মরদেহ টমেটো ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ধানি জমির মাটি কাটা, অবৈধ বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সীতাকুণ্ডে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
