৮ উইকেটের জয়ে এগিয়ে গেল বাংলাদেশ

পাকিস্তান সিরিজ

৮ উইকেটের জয়ে এগিয়ে গেল বাংলাদেশ

ফন্ট সাইজ:

প্রথম ইনিংসের পর ফল অনুমিতই ছিলো। টাইগার ব্যাটাররা কাজ শেষ করে ফেললো দ্রুতই। পাকিস্তানের দেয়া ১১৫ রানের লক্ষ্যে ১৫.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজরা।

সাইফ হাসান দ্রুতই (৪) ফিরলেও বিপাকে পড়তে হয়নি টাইগারদের। দ্বিতীয় উইকেটের জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৮২ রান যোগ করেন তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ২৭ রানে শান্ত ফিরলে বাকি কাজটা লিটন কুমার দাসকে (৩*) নিয়ে সেরে ফেলেন তানজিদ। ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন এ টাইগার ওপেনার।

এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বল হাতে পাকিস্তান ব্যাটারদের স্বস্তিতে থাকতে দেননি নাহিদ রানা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইফার তুলে নেন তিনি। ৩ উইকেট নেন অধিনায় মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ১ উইকেট করে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন আটে নামা ফাহিম আশরাফ।

দ্বিতীয় ওয়ানডেতে আগামী শুক্রবার মাঠে নামবে দুদল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন