বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এতদিন পাকিস্তানের সর্বনিম্ন দলীয় রান ছিলো ১৫১/৮। সেই হিসেব আজ পাল্টে দিলো মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩০.৪ ওভারে ১১৪ রানেই পাকিস্তানকে গুটিয়ে দিলো বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ এখন এটিই। সফরকারীদের শেষ দুটি উইকেট নেন যথাক্রমে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
মিরাজের জোড়া আঘাত
২৩তম ওভারে জোড়া উইকেট তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। হুসেইন তালাতের পর টাইগার অধিনায়কের শিকার শাহিন শাহ আফ্রিদি। দুজনকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন মিরাজ। ২৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ৮১।
এবার আঘাত মিরাজের
২০ ওভারের আগেই ধুঁকছে পাকিস্তান। নাহিদের ফাইফারের পর অভিষিক্ত আবদুল সামাদকে রানের খাতা না খুলতে দিয়ে সাজঘরে পাঠালেন মেহেদী হাসান মিরাজ।
২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৭২ রান।
এক নাহিদেই কাঁপছে পাকিস্তান!
পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিচ্ছেন নাহিদ রানা একাই। নিজের প্রথম তিন ওভারে ৩ উইকেট তুলে নেয়া নাহিদ চতুর্থ ওভারেও নেন আরেকটি। পঞ্চম ওভারেও এর ব্যতয় ঘটেনি। নিজের টানা পাঁচ ওভারে পাঁচটি উইকেট তুলে নিলেন নাহিদ।
দশম ওভারে প্রথমে সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান নাহিদ। দ্বাদশ ওভারে অভিষিক্ত শামিল হোসেনকেও প্যাভিলিয়নের পথ দেখান টাইগার পেসার। চতুর্দশ ওভারে মাজ সাদাকাতকে সাইফ হাসানের ক্যাচ বানান তিনি। এরপর ষোড়শ ওভারে নাহিদ ফেরান শততম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ রিজওয়ানকে। ১৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৭০ রান
