দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ও চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রল পাম্পগুলোতে তেলের বরাদ্দ বাড়ানো হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই তথ্য নিশ্চিত করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে তেলের গড় বিক্রয় থেকে আগে যেখানে ২৫ শতাংশ সরবরাহ কমানো হয়েছিল, এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে ফিলিং স্টেশনগুলো আগের তুলনায় ১০ শতাংশ বেশি তেল পাবে। বিপিসির অধীনে থাকা বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদের নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
দেশের বাজারে গত রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়। তবে এই সিদ্ধান্তের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সরকার তেলের সরবরাহ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।
