ইসরাইলি হামলায় বৈরুতে আবাসিক ভবনে আগুন

ইসরাইলি হামলায় বৈরুতে আবাসিক ভবনে আগুন

ফন্ট সাইজ:

লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। এতে ওই ভবনটিতে আগুন ধরে যায়। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, এবারের যুদ্ধে লেবাননের বিভিন্ন স্থানে যেমন পুরো ভবন ধ্বংস করে দেয়া হয়েছে, তেমনটি এখানে হয়নি। তবে এই হামলায় মধ্য বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট ভবনের এক বা দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনা ঘটে বুধবার ভোরের শুরুর দিকে। তখন আকাশ ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করেছে। ভবনের ভেতরে যারা ছিলেন, তারা প্রায় নিশ্চিতভাবেই তখন ঘুমিয়ে ছিলেন। ঘটনার পর সেদিকে শত শত মানুষ জড়ো হচ্ছিলেন। ভাঙা কাঁচ ও ধ্বংসাবশেষের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে তারা ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এই হামলার লক্ষ্য কে ছিলেন, তা জানা যায়নি। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি পেতে কিছু সময় লাগতে পারে।

সাংবাদিকরা বলছেন, ভবনটিতে আগুন জ্বলছে। অন্তত দুটি অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে, একটি আরেকটির ওপরের তলায়। ক্ষয়ক্ষতিও অত্যন্ত ব্যাপক। ভবন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছিল। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকা। এখানে অ্যাপার্টমেন্ট ভবনগুলো খুব কাছাকাছি। কোনো ধরনের সতর্কতা ছাড়াই ইসরাইল এই হামলা চালিয়েছে। বৈরুতের এই এলাকাকে অনেকেই নিরাপদ মনে করতেন। দাহিয়ে এলাকা থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত অনেক পরিবার এখানে আশ্রয় নিয়েছে। এমনকি কেউ কেউ রাস্তায়ও ঘুমাচ্ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন