যুদ্ধের সময় ইরানকে গোয়েন্দা তথ্য দেয়ার কথা অস্বীকার রাশিয়ার

যুদ্ধের সময় ইরানকে গোয়েন্দা তথ্য দেয়ার কথা অস্বীকার রাশিয়ার

ফন্ট সাইজ:

ইরানকে গোয়েন্দা তথ্য দেয়ার কথা অস্বীকার করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সম্পর্কে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সম্পর্কে ওই মন্তব্য করেন।

মঙ্গলবার সিএনবিসির ‘মানি মুভার্স’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমরা আপাতত তাদের (রাশিয়া) কথাকেই সত্য ধরে নিতে পারি। আশা করি তারা সত্যিই কোনো তথ্য শেয়ার করছে না। সাক্ষাৎকারে উইটকফকে জিজ্ঞেস করা হয়, তিনি কি মনে করেন রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য দিচ্ছে? আর যদি তা সত্য হয়, তাহলে কেন ট্রাম্প প্রশাসন সেই নিষেধাজ্ঞা শিথিল করছে, যার ফলে আগে ভারতীয় তেল শোধনাগারগুলো রুশ তেল কিনতে পারত না? উইটকফ জবাবে বলেন, আমি গোয়েন্দা কর্মকর্তা নই, তাই এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারব না।

তিনি আরও বলেন, তবে এটুকু বলতে পারি সোমবার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে রাশিয়ানরা বলেছে তারা কোনো তথ্য শেয়ার করেনি। অন্তত তারা সেটাই বলেছে। উইটকফ আরও জানান, সোমবার সকালে তিনি এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলাদাভাবে পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে ফোনে কথা বলেছেন। সেই আলাপেও উশাকভ একই কথা পুনরাবৃত্তি করেন। বলেন, রাশিয়া ইরানের সঙ্গে কোনো গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছে না। তবে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমএস নাউ জানায়, পরিস্থিতি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে- রাশিয়া ইরানকে এমন তথ্য দিচ্ছে যা মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ইরানকে সহায়তা করতে পারে।

একজন কর্মকর্তা বলেন, রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে। শুক্রবার ট্রাম্প ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডুসিকে তীব্র ভর্ৎসনা করেন, যখন তিনি জানতে চান রাশিয়া কি এই অঞ্চলে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে ইরানকে সাহায্য করছে কি না। ট্রাম্প বিরক্ত হয়ে বলেন, এমন সময়ে এই প্রশ্ন করা কতটা বোকামি, তা আপনি বুঝতে পারছেন?

শনিবারের প্রতিবেদনের জন্য এমএস নাউকে কথা বলা আরেক কর্মকর্তা বলেন, আমি এমন কিছু দেখিনি যা থেকে বোঝা যায় রাশিয়া সরাসরি কোনো কৌশলগত বা সামরিক যুদ্ধে ভূমিকা রাখছে। সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ওই দিন পুতিনের সঙ্গে তার ফোনালাপে রুশ নেতা যুক্তরাষ্ট্রের যুদ্ধ অগ্রগতির বিষয়ে খুবই মুগ্ধ হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন