বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘদিন দেশে বিনিয়োগে স্থবিরতা ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না। কর্মসংস্থান না থাকলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং দারিদ্র্য বাড়ে। তাই বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সুড়িয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যে পড়তে পারে। সাগরপথ দীর্ঘদিন বন্ধ থাকলে পরিবহন ব্যয় বাড়বে। তবে আপাতত দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ছিল বিএনপি ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের ২১ দিনের মধ্যেই দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে এই কার্যক্রম শুরু হয়েছে। মানুষের মুখে হাসি ফোটানো ও সচ্ছলতা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ। এ সময় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সুরিয়ারপাড় গ্রামের ৬৯৭ নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-স্থানীয় সংসদ সদস্য মো. নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন