আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা করে ৪ বন্ধু, গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও টাকার জন্য সিয়াম মোল্যা (১৪) নামের এক কলেজছাত্রকে হত্যা করেছে তার ৪ বন্ধু। হত্যার দুইদিন পর গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার ঝুটিগ্রামের একটি পুকুরের কচুুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সিয়ামকে হত্যার পর একটি পুকুরে কচুরিপানার নিচে মরদেহ গুম করে রাখে ৪ বন্ধু। এ ঘটনায় তার দুই বন্ধু দিদার (১৪) ও পারভেজ (১৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ২ জনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিহত সিয়াম উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালি প্রবাসী লিখন মোল্যার ছেলে ও মুকসুদপুর কলেজের ছাত্র ছিলেন। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ই মার্চ থেকে সিয়াম নিখোঁজ হয়। পরে গত সোমবার রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে থেকে পচা দুর্গন্ধ আসতে থাকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সিয়ামের কাছে একটি আইফোন ও নগদ টাকা ছিল।

সেই ফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগাড় করতে তাকে হত্যার পরিকল্পনা করে তার ৪ বন্ধু বাঁশবাড়িয়া এলাকার ইউপি সদস্য (মেম্বার) রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী, ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার মিয়া, এবং রহমান মুন্সীর ছেলে অভি মুন্সীসহ চার বন্ধু। সেই পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়। এলাকাবাসী জানান, সিয়ামের মা মারা যাওয়ায় ও বাবা ইতালি প্রবাসী হওয়ায় ঝুটিগ্রামের নানা বাড়িতে থাকতো। মাদকের ভয়াবহতা মানুষকে কতোটা অমানবিক ও পশুতে পরিণত করতে পারে, সিয়ামের হত্যাকাণ্ড তারই এক জ্বলন্ত প্রমাণ। তুচ্ছ একটি ফোন ও নেশার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুনের এই ঘটনায় পুরো মুকসুদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন